TheBangladeshTime

বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত

2026-03-22 - 08:21

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের ৭ জন পুরুষ, ২ জন নারী ও তিন শিশু রয়েছেন। রোববার (২২ মার্চ) ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন নিহতদের নাম-পরিচয়ের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের পরিচয় নিচে দেওয়া হলো- নোয়াখালী- সোনাইমুড়ীর সালামত উল্লাহর ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), সুধারাম থানার মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩)। ঝিনাইদহ- মহেশপুরের পিন্টুর স্ত্রী লাইজু আক্তার (২৬) এবং তার দুই শিশুসন্তান খাদিজা আক্তার (৬) ও মরিয়ম আক্তার (৪)। এছাড়া সদর উপজেলার মো. মোকতার বিশ্বাসের ছেলে মো. জোয়াদ বিশ্বাস (২০)। যশোর- যশোরের চৌগাছার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬২) ও একই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম (৫৫)। এছাড়া চাঁদপুরের কচুয়ার মোমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮), লক্ষ্মীপুর সদরের মো. সিরাজুল দৌলার মেয়ে সায়েদা (৯), মাগুরার মোহাম্মদপুরের ওহাব শেখের ছেলে ফসিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়ার পথে মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ১২ জনের মৃত্যু হয়৷ আহত হয় অন্তত ১৫ জন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

Share this post: