TheBangladeshTime

ঘরে ইন্টারনেট স্পিড কম, ভুল জায়গায় রাউটার রাখছেন না তো?

2026-02-10 - 05:46

বাড়িতে ওয়াই-ফাই সংযোগ থাকা সত্ত্বেও অনেক সময় ইন্টারনেটের গতি হতাশাজনকভাবে কম মনে হয়। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই ভাবেন, বুঝি প্যাকেজ আপগ্রেড করতেই হবে। কিন্তু বাস্তবে সব সময় অতিরিক্ত টাকা খরচের দরকার পড়ে না। আসলে, ধীর গতির ইন্টারনেটের অন্যতম বড় কারণ হতে পারে ওয়াইফাই রাউটারের অবস্থান। রাউটার থেকে ডিভাইসের দূরত্ব যত বাড়ে, সিগন্যাল তত দুর্বল হয়ে পড়ে। ফলে স্ট্রিমিং, অনলাইন গেমিং বা ভিডিও কলের মতো কাজে সমস্যা দেখা দেয়। অনেকেই মনে করেন, শুধু রাউটার চালু করলেই সর্বোচ্চ গতির ইন্টারনেট পাওয়া নিশ্চিত। কিন্তু ওয়্যারলেস সংযোগের ক্ষেত্রে বিষয়টি এতটা সহজ নয়। এখানে সিগন্যাল বাতাসের মাধ্যমে ছড়ায়, আর দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তার শক্তিও কমে যায়। তাই রাউটার এমন জায়গায় রাখা জরুরি, যেখান থেকে আপনার ব্যবহৃত ডিভাইসগুলো সহজে সিগন্যাল পেতে পারে। এক্ষেত্রে বাড়ির দেয়াল, মেঝে ও ভারী আসবাবপত্র বড় বাধা হয়ে দাঁড়ায়। রাউটার আর ডিভাইসের মাঝে যত বেশি কঠিন বস্তু থাকবে, সিগন্যাল ততটাই ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে অন্য তলা বা দূরের ঘরে ব্যবহার করলে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অনেকে আবার রাউটারকে ফ্রিজ, টিভি বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের আড়ালে লুকিয়ে রাখেন। এতে সিগন্যাল আরও বেশি ব্যাহত হয়। এই সমস্যা এড়াতে রাউটার বাড়ির মাঝামাঝি কোনো উঁচু জায়গায় রাখা সবচেয়ে ভালো। উঁচু স্থানে রাউটার রাখলে সারা বাড়িতে সিগন্যাল সমানভাবে পৌঁছায় এবং বিভিন্ন ধরনের হস্তক্ষেপও কমে যায়। আর যদি বড় বাড়ি বা অফিসে ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে ওয়াইফাই এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার করে সহজেই প্রতিটি কোণে ভালো স্পিড নিশ্চিত করা সম্ভব। আরও পড়ুন সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে কেএসকে

Share this post: