বিয়েবাড়ির আলোকসজ্জার তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর
2026-03-09 - 08:34
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত বর্মন ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য তাহিরপুর গ্রামের অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ে উপলক্ষে রোববার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের জন্য বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়েছিল। সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় বিয়েবাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, বিয়েবাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে ঘটনাটির প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লিপসন আহমেদ/এফএ/এমএস