অধস্তন আদালতের বিচারকদের অবকাশকালীন ছুটি দুই ধাপে
2026-02-09 - 15:56
অধস্তন আদালতের বিচারকদের অবকাশকালীন ছুটি এখন থেকে দুই ধাপে কাটাতে হবে। জুনের প্রথমার্ধে ১৫ দিন ও ডিসেম্বরের শেষার্ধে ১৫ দিন ছুটি থাকবে নিম্ন আদালতে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সভার একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। ফুলকোর্ট সভায় জানানো হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তার পদায়ন হবে। এরই মধ্যে ৬ কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএইচ/বিএ