TheBangladeshTime

১৫ অঞ্চলে বয়ে যেতে পারে ঝড়, নদীবন্দরে ১ নম্বর সংকেত

2026-03-21 - 03:10

আজ ঈদের দিন দুপুর পর্যন্ত ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত কালবৈশাখী ঝড়। এজন্য এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২১ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। সকাল পৌনে ৮টা থেকে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলেও গত রাত থেকে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পটুয়াখালীর দশমিনার একজন বাসিন্দা। এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন। বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকায় ১৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরএমএম/বিএ

Share this post: