TheBangladeshTime

টেকনাফের সৈকতে পর্যটকের উপচেপড়া ভিড়

2026-03-23 - 16:11

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ঈদের তৃতীয় দিনে পর্যটকদের উপচেপড়া দেখা গেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত স্থানীয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর ছিল পুরো সৈকত। স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে টানা কয়েকদিন ধরে পর্যটকের আগমন বাড়লেও তৃতীয় দিনে সেটি বেড়ে যায়। সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। পর্যটকদের ভিড়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে কয়েকগুণ। ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক রবিউল আলম জানান, ‘ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে এসেছি। সৈকতের পরিবেশ খুব সুন্দর, তবে আজ মানুষের ভিড় অনেক বেশি। তবুও আনন্দটা উপভোগ করছি।’ আরেক পর্যটক ইমরান হোসেন বলেন, ‘টেকনাফের সৌন্দর্য অন্যরকম। এত ভিড়ের মধ্যেও সমুদ্রের কাছে আসলে মনটা ভালো হয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক মনে হয়েছে।’ আবুল হাসেম নামের আরেকজন বলেন, ‘ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে টেকনাফ সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি। প্রকৃতির অপার সৌন্দর্য আর সাগরের ঢেউ মনকে অন্যরকম প্রশান্তি দিচ্ছে। যদিও আজ পর্যটকের ভিড় অনেক বেশি, তবুও সবার সঙ্গে এই আনন্দমুখর পরিবেশ ভাগাভাগি করতে পেরে সত্যিই ভালো লাগছে।’ সৈকতে চটপটি দোকানদার মো. সেলিম জাগো নিউজকে বলেন, ‘এ সময়ে পর্যটক বেশি থাকায় বিক্রি অনেক ভালো হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হচ্ছে। আয়ও আগের চেয়ে বেড়েছে।’ টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সৈকত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার রয়েছে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।’ এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জাগো নিউজকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, যাতে কেউ কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।’ জাহাঙ্গীর আলম/আরএইচ/এএসএম

Share this post: