TheBangladeshTime

মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর

2026-02-07 - 18:36

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে গেছেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি রনিকে দেখতে হাসপাতালে যান। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান উপস্থিত ছিলেন। ঢাকা-১৮ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনি মাঠে মূলত সরব রয়েছেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে এস এম জাহাঙ্গীর হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী শাপলা কলি প্রতীকে আরিফুল ইসলাম। এছাড়া রেল ইঞ্জিন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার মাঠে সক্রিয় থাকলেও অন্য প্রার্থীদের প্রচারণা তেমন চোখে পড়েনি। আসনের অন্য প্রার্থীরা হলেন— হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. জাকির হোসেন, মই প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সৈয়দ হারুন-অর রশীদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিসেস সামিনা জাবেদ, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জসিম উদ্দিন, হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন এবং কেটলি প্রতীকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। ঢাকা-১৮ আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫০। এ আসনে নারী ভোটার ৩ লাখ ৮২৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয়জন। ইএইচটি/এমএএইচ/

Share this post: