ইবিতে ১৪৫৬ পরিক্ষার্থীর অংশগ্রহণে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
2026-03-27 - 06:31
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে ইবি কেন্দ্রে অংশ নিয়েছেন ১৪৫৬ পরিক্ষার্থী। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য দেখা যায়। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। ইরফান উল্লাহ/এএইচ/জেআইএম