তিন বছরে পুঁজিবাজারের আকার জিডিপির ৪০ শতাংশে নিতে চায় বিএসইসি
2026-03-15 - 15:04
আগামী তিন বছরের মধ্যে পুঁজিবাজারের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪০ শতাংশের সমান করার লক্ষ্যে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমান দেশের পুঁজিবাজারের আকার জিডিপির ১০ শতাংশের সমান। অর্থাৎ তিন বছরে পুঁজিবাজারের আকার বাড়িয়ে চারগুণ করতে চায় বিএসইসি। এ লক্ষ্য বাস্তবায়নে বড় কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নীতিগত সংস্কার এবং বাজার অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় সংস্থাটি। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক এসব বিষয় নিয়ে আলোচনা করেছে বিএসইসি। রোববার (১৫ মার্চ) বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এডিবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এসময় কমিশনার ফারজানা লালারুখ, পরিচালক মো. আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ ও মিশন প্রধান মনোহরি গুনাওয়ারধেনা। প্রতিনিধিদলে আরও ছিলেন জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আল হাসান এবং বেসরকারি খাত উন্নয়ন কর্মকর্তা আজিজুল কাদির। সভায় জানানো হয়, দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসইসি একটি সমন্বিত পুঁজিবাজার নিরীক্ষা ও বিশ্লেষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাজার ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশনসমূহের সংগঠনের (আইওএসসিও) সুশাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়। স্বল্পমেয়াদে কমিশনের কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থা ও স্বয়ংক্রিয়তা বাড়িয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য বন্ড নিশ্চয়তা তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বৈঠকে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, পুঁজিবাজারে বড় ঋণগ্রহীতাদের অংশগ্রহণ বাড়াতে একটি যৌথ কাঠামো তৈরির বিষয় বিবেচনা করা হচ্ছে, যেখানে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে বড় বাজার অংশীদারত্বসম্পন্ন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। বিশেষ করে একটি কার্যকর বন্ড নিশ্চয়তা তহবিল গঠনের সম্ভাব্য মডেল নির্ধারণে সমীক্ষা পরিচালনা এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করতে সহায়তার কথাও জানিয়েছে সংস্থাটি। বৈঠকে উভয় পক্ষ দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এমএএস/এমআইএইচএস