পুরান ঢাকায় সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারের উদ্বোধন
2026-03-09 - 13:14
পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় এ কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়। ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের আওতায় কমিউনিটি সেন্টার নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের অধীনে ৩৪ নম্বর ওয়ার্ডে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়। প্রকল্প কাজের চুক্তিমূল্য ছিল ৩৮ কোটি ৯৮ লাখ টাকা। আয়তন ৫ হাজার ৬০ বর্গফুট। সরেজমিনে দেখা যায়, এই কমিউনিটি সেন্টারে নিচতলায়ে পার্কিং এরিয়া রয়েছে। এখানে ১০টি ব্যক্তিগত গাড়ি রাখা যাবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলায় রয়েছে ব্যাঙ্কোয়েট হল রুম। প্রতিটি ফ্লোরে আসন সংখ্যা ৫৫০। পঞ্চমতলায় ওয়ার্ড কাউন্সিলর অফিস, স্বাস্থ্যসুবিধা এলাকা ও লাইব্রেরি কক্ষ রয়েছে। ষষ্ঠতলায় জিমনেসিয়াম রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। এমএমএ/বিএ