সেই মাদরাসাছাত্রের দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা, দিলেন উপহার
2026-03-16 - 13:34
মায়ের কাছে ভালো খাবার চেয়ে চিঠি লেখা মাদরাসাছাত্রের পাশে দাঁড়িয়েছেন আতিকুর রহমান নামের এক ছাত্রদল নেতা। খাবারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে শিশুটির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি। আতিকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের আহ্বায়ক। এ ঘটনার পর প্রশংসায় ভাসছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি চিঠি। এতে লেখা ছিল—‘আম্মা, আমারে একটা সাবান দিও। তিন দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে। ইফতারে বুট-মুড়ি দেয়, রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু ভালো খাবার আইনো। একটা মশারি আর চাদর দিও, মশা খুব কামড়ায়।’ প্রায় দুই দিন ধরে অনুসন্ধানের পর রোববার (১৫ মার্চ) ঢাকার যাত্রাবাড়ীতে শিশুটির পরিবারকে খুঁজে পান আতিকুর রহমান। খোঁজ পেয়ে এতিম শিশুটির সঙ্গে কথা বলে চিঠিতে উল্লেখ করা প্রতিটি চাহিদা পূরণের উদ্যোগ নেন। শিশুটির জন্য তিনি পর্যাপ্ত সাবান, খাবার, ঈদের নতুন পোশাক হিসেবে সাদা পাঞ্জাবি, মশারি, বিছানার চাদরসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেন। শুধু তা-ই নয়, আতিকুর রহমান শিশুটির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। বিষয়টির প্রশংসা করে বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ আতিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই ধরনের কাজে নেতৃত্ব দিচ্ছে, এটি সত্যি গর্বের।’ এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে শিশুটির পাশে দাঁড়িয়েছি। চিঠিতে উল্লেখ করা সবগুলো চাহিদা পূরণ করা হয়েছে। এছাড়া শিশুটির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি।’ তিনি বলেন, ‘প্রত্যেক মানুষকেই মানবিক হওয়া প্রয়োজন। আমরা চিরদিন বেঁচে থাকবো না। তবে ভালো কর্মের মাধ্যমেই মানুষ আমাদের স্মরণ রাখবে। যে কোনো অসহায়ের পাশে দাঁড়িয়ে বিত্তবানদের সহায়তার হাত বাড়ানো উচিত।’ কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম