TheBangladeshTime

হত্যা মামলায় শেখ হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

2026-02-27 - 10:14

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে আবুজর শেখকে (২৪) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে বেআইনি জনতাকে দলবদ্ধ করে উগ্রতা ও বলপ্রয়োগের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনে ভূমিকা রাখেন। তবে চার্জশিটটি আদালতে গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে এখনো শুনানি হয়নি। এটিইউ’র উপ-পরিদর্শক ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোক্তার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম ও হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। চার্জশিটে দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। নথিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণিতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় গত বছরের ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন গুলশান থানায় হত্যা মামলা করেন। মামলায় শুরুতে ২৭ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। এখন আদালত চার্জশিট গ্রহণ ও পরবর্তী কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এমডিএএ/এমএমকে

Share this post: