TheBangladeshTime

টানা ছুটিতে জমজমাট ভোলার সব বিনোদন কেন্দ্র

2026-03-22 - 12:21

ঈদুল ফিতরের ছুটিতে ভোলার বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী ও পুরুষের ঢল নেমেছে। সবচেয়ে বেশি ভিড় করছেন তুলাতুলি ও ইলিশা মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রগুলোতে। মেঘনার স্রোত, প্রাকৃতিক হিমেল বাতাস, গাছপালা, স্পিডবোট-ট্রলারে করে নদীতে ঘুরে বেড়ানো, ঘোড়ার পিঠে চড়াসহ বিভিন্ন রাইডের কারণে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় রযেছে। ঈদের দ্বিতীয় দিনে ভোলার মেঘনা পাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। তুলাতুলি মেঘনার পাড়ের পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা হাবিব জানান, তিনি ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছেন। ঈদের প্রথম দিন বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে দাওযাত খেয়েছেন। আজ বাবা-মা, স্ত্রী-সন্তান, ভাই-বোনদের নিয়ে ঘুরতে বের হয়েছেন। তিনি বলেন, ‌‘তুলাতুলিতে তিনটি পর্যটন কেন্দ্র আছে, সব কয়টিতেই ঘুরেছি। অনেক সুন্দর জায়গা। পরিবেশও ভলো। সবাই বেশ আনন্দ পেয়েছেন।’ ঘুরতে আসা শিশু তুলি, জান্নাত ও রিফাত জানায়, তারা বাবা-মার ঘুরতে এসেছে। ঘোড়ার পিঠে চড়েছে। মজার মজার খাবার খেয়েছে। ঘুরতে এসে তারা অনেক খুশি। ইসরাত জাহান ও নুরতাজ নামের দুজন জানান, ঈদের ছটিতে তারা কলেজের বান্ধবীরা ইলিশার জংশন এলাকার মেঘনার পাড়ে ঘুরতে এসেছেন। স্পিডবোটে করে নদীতে ঘুরে বেড়িয়েছেন। নদীর পাড়ের রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়েছেন। সব মিলে আজ অনেক মজা করেছেন। তুলাতুলি মেঘনা পাড়ে ঘুরতে এসেছেন নুর উদ্দিন ও জেসমিন দম্পতি। তারা দুজনই সরকারি চাকরি করেন। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর দুজন ঘুরতে যেতে পারেননি। তাই আজ একসঙ্গে ঘুরতে বের হয়েছেন। তারা জাগো ‍নিউজকে বলেন, ‘অনেকে ঘুরতে কুয়াকাটা ও কক্সবাজার যান। তবে তুলাতুলি মেঘনার পাড়ে ঘুরতে এলে কুয়াকাটা ও কক্সবাজারের মতো ফিল পাওয়া যায়। কারণ এখানে একসঙ্গে নদীর তীব্র স্রোত ও প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করা যায়। ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো যায়।’ সজিব ও হাসনাইন নামের দুজন জাগো নিউজকে বলেন, ‘আমরা ঢাকায় থাকি। ঈদের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে গ্রামে এসেছি। শহরেতো এমন প্রাকৃতিক সৌন্দর্য নেই। এখানে এসে সব দেখলাম। কোনো ঝামেলা পোহাতে হয়নি।’ এ বিষয়ে ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বলেন, ঈদে ঘুরতে আসা মানুষের জন্য জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানুষ যাতে ঈদের ছুটিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে, সেজন্য আমাদের পুলিশ সদস্য কাজ করছেন।’ জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

Share this post: