TheBangladeshTime

তারুণ্যের চোখে স্বাধীনতা দিবস

2026-03-26 - 02:00

লক্ষ প্রাণের আত্মদান আর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রিয় বাংলাদেশ, যা বিশ্বের মানচিত্রে আজ এক অবিনাশী বীরত্বের উপাখ্যান। ১৯৭১ সালের ২৬শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা বাঙালি জাতিকে দিয়েছিল এক অবিনাশী পথরেখা, দীর্ঘ নয় মাসের লড়াইয়ে সেই পথ ধরেই এসেছে চূড়ান্ত বিজয়। ৫৬ বছরের এই পথচলায় লাল-সবুজের পতাকা আজও আমাদের গর্ব, আত্মপরিচয় এবং অনিঃশেষ প্রেরণার নাম। ইতিহাসের এই মহান মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা কীভাবে দেখছেন স্বাধীনতাকে? তাদের ভাবনার জগৎ, আগামীর স্বপ্ন আর দায়বদ্ধতার গল্পগুলো কলমের আঁচড়ে তুলে ধরেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও তরুণ লেখক রবিউল ইসলাম শাকিল। শেকড়ের সন্ধান ও আগামীর অঙ্গীকার বাংলাদেশের স্বাধীনতা দিবস আমার কাছে শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি আত্মপরিচয়ের প্রতীক। অপারেশন সার্চলাইটের অন্ধকার ভেদ করে যে স্বাধীনতা এসেছে, তা অসংখ্য ত্যাগের ফল। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছে বলেই আমরা পেয়েছি স্বাধীন দেশ। আজ স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয়, বরং ন্যায়, সমতা ও কথা বলার অধিকার। তবে আমাদের দায়িত্বও আছে, দুর্নীতি ও অন্যায় থেকে দেশকে রক্ষা করা। এই দিনটি আমাদের প্রতিজ্ঞা করায়, দেশকে ভালোবাসার এবং তার উন্নয়নে নিজের জায়গা থেকে অবদান রাখার। রাকিন রওনক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উদযাপনের ভিড়ে মনস্তাত্ত্বিক মুক্তির তালাশ স্বাধীনতা দিবস। এই দিনটি আমার কাছে শুধু উদযাপনের নয়, বরং আত্মসমালোচনারও। ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, আমরা কি সত্যিই সেই স্বপ্নের পথে হাঁটছি? স্বাধীনতা মানে শুধু পতাকা উড়ানো নয়, বরং ন্যায়, সমতা আর মানবিকতার চর্চা। কিন্তু বাস্তবতা কি সবসময় সেই কথা বলে? কখনো কখনো মনে হয়, আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু মানসিকতা এখনো পুরোপুরি মুক্ত হয়নি। তাই এই দিনে একটি প্রশ্ন আমাকে তাড়া করে বেড়ায়, আমরা কি সত্যিই স্বাধীন, নাকি কেবল স্বাধীনতার গল্প বলেই নিজেকে সান্ত্বনা দিই? প্রিয়তা রয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংস্কৃতির গহীনে দেশপ্রেমের জয়ধ্বনি স্বাধীনতা মানে কি কেবল পরাধীনতার শিকল ভাঙা? আমার দৃষ্টিতে, স্বাধীনতা হলো নিজের ভাষায় কথা বলা, নিজের সংস্কৃতিকে ধারণ করা এবং অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করা। আজ থেকে ৫৫ বছর আগে আমাদের পূর্বপুরুষেরা যে স্বপ্ন নিয়ে অকাতরে প্রাণ দিয়েছিলেন, সেই স্বপ্ন ছিল একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের। রক্ত দিয়ে কেনা এই মানচিত্র, আর ত্যাগের মহিমায় গড়া আমাদের পরিচয়। ২৬শে মার্চ মানে শুধু ইতিহাস নয়, বরং প্রতিবার নতুন করে দেশ গড়ার শপথ। আজকের এই দিনে আমার ভাবনা একটাই আমরা যেন কেবল উৎসবে নয়, বরং আমাদের আচরণে, পড়াশোনায় এবং কর্মে দেশপ্রেম প্রকাশ করি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকেই সবথেকে বেশি ভালোবাসার ও দেশের জন্য নিঃস্বার্থ কাজ করে যাওয়াই হোক প্রত্যেকের ব্রতী। রুহানা রিমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। দ্রোহের ইতিহাস ও আক্ষেপ ২৩ বছরের অত্যাচার-নির্যাতন যখন চরমে! বাংলার মানুষের পীঠ ঠেকে গেছে দেয়ালে তখনই আসে স্বাধীনতার ঘোষণা। বাংলার প্রতিটি মানুষের মাঝে জেগে ওঠে বিদ্রোহী সত্ত্বা, ভেঙে ফেলতে চায় অনিয়মের শৃঙ্খল! সেই বিদ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সারা বাংলায়, পাকিস্তানের সেনাবাহিনীকে রুখে দেয় প্রতিটি স্থানে। সেই দিনটি নিয়ে আমার আছে অশেষ গর্ব তবে মাঝে মধ্যে আক্ষেপও সঙ্গী হয়! যে স্বাধীনতা আমাদের গর্বের তাকেই বিভিন্ন ভাবে ছোট করা হয় বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে! যা কখনোই কাম্য নয়। আমাদের হতে হবে আরও সচেতন, আরও দেশপ্রেমিক ও শ্রদ্ধাশীল। ফৌজিয়া জান্নাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বৈষম্যহীন আগামীর সারথি হওয়ার শপথ ২৬শে মার্চ আমাদের কাছে আত্মপরিচয় ও সাহসের গল্প। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, একজন শিক্ষার্থী হিসেবে সেই স্বপ্নের সারথি হওয়া আমার প্রধান লক্ষ্য। বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা মানে শুধু মুক্তি নয়, বরং দেশের প্রতি আমাদের সুনাগরিকসুলভ দায়বদ্ধতা। একাডেমিক শিক্ষার পাশাপাশি মেধা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে সমৃদ্ধ করার মাধ্যমেই আমরা এই ত্যাগের প্রকৃত সম্মান দিতে পারি। আমার অঙ্গীকার হলো, ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশ ও দশের কল্যাণকে প্রাধান্য দেওয়া। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আধুনিক ও বৈষম্যহীন একটি সমাজ গড়ার কারিগর হিসেবে নিজেকে গড়ে তোলাই হোক এবারের স্বাধীনতা দিবসের প্রকৃত শপথ।স্বাধীনতা মানে শুধু একটা তারিখ না; এটা একটা দায়িত্ব, যেটা আমাদের প্রজন্মকেই বহন করতে হবে। নাহিদ হাসান নাসিফ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জেএস/

Share this post: