TheBangladeshTime

ঈদ সালামি দেওয়ার কথা বলে চাঁদরাতে ফোন, ভোরে ধানক্ষেতে মিললো মরদেহ

2026-03-21 - 21:00

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা (২৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সোহেল রানা ওই ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে একদল দুর্বৃত্ত তাকে ঈদ সালামি দেওয়ার কথা বলে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। সোহেল রানার মা রুবি খাতুন অভিযোগ করে বলেন, ‘চাঁদ রাতে তার ছেলের মোবাইল ফোনে বারবার কল আসে। ফোনে তাকে বলা হয় এক নেতা ঈদ সালামি দিচ্ছেন, আমরা যাবো বাসা থেকে বের হও। পরে বাসা থেকে বের হলে চার-পাঁচজন লোক সোহেলকে অটোরিকশায় তুলে নিয়ে যান। ছেলে চলে যাওয়ার ১/২ ঘণ্টা পর ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত ফোনে চেষ্টা করেও ফোনটি খোলা পাওয়া যায়নি। ঈদের দিন ভোরে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি। পরে জানতে পারি বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে ছেলের গলাকাটা মরদেহ পাওয়া গেছে।’ তিনি তার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের ফাঁসির জোর দাবি জানিয়েছেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জেনে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় মামলা প্রস্তুতি ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এম এ মালেক/এমআইএইচএস

Share this post: