TheBangladeshTime

‘নির্বাচনটি আরও স্বচ্ছভাবে হতে পারতো’

2026-03-24 - 05:21

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। নির্বাচনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত অক্টোবর থেকেই লিগ বয়কট করছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগে তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্যে সদ্য পদত্যাগ করা পরিচালক আমজাদ হোসেন যেন বিতর্ক আরও উসকে দিলেন। তিনি বলেছেন, গত অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন আরও স্বচ্ছ হতে পারতো। গত রোববার আমজাদকে মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিসিবি পরিচালকের পদ থেকে ইস্তফা দেন তিনি। গতকাল (সোমবার) নিজের পদত্যাগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আমজাদ। সেখানে বিসিবির গেলো নির্বাচনে অনিয়মের প্রশ্নে আমজাদ বলেন, ‘হয়তো অংশগ্রহণের দিক থেকে চিন্তা করলে নির্বাচনটি আরও স্বচ্ছভাবে হতে পারতো। তবে সব নির্বাচন নিয়েই পক্ষ-বিপক্ষ বা বিতর্ক থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া।’ বোর্ডে কতিপয় ব্যক্তির একাধিপত্য বা তথাকথিত ‘রান্নাঘর মন্ত্রিসভার’ (কিচেন ক্যাবিনেট) মাধ্যমে বিসিবি পরিচালনার অভিযোগ উঠলেও, তার তেমন কোনো অভিজ্ঞতা হয়নি বলে তিনি দাবি করেন। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সাম্প্রতিক তদন্ত এবং এর বিপরীতে বিসিবির দেওয়া কড়া বিবৃতির বিষয়ে আমজাদ হোসেন নিজের অজ্ঞতা প্রকাশ করেন। পবিত্র ওমরাহ পালনের জন্য গত ১০ দিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানেন না উল্লেখ করে তিনি বলেন, ‘মিডিয়া বিভাগ কেবল বোর্ডের সিদ্ধান্তগুলো গণমাধ্যমে পৌঁছে দেয়, সব সিদ্ধান্ত মিডিয়া বিভাগ নিজে নেয় না।’ তিনি আরও পরিষ্কার করেন যে, কোনো বিশেষ মহলের চাপে নয় বরং বিসিবিতে কাজ করাকে সম্মানের মনে করেই তিনি বিদায় নিচ্ছেন। যাওয়ার আগে তিনি আহ্বান জানান যেন আগামীতে বোর্ডের ভালো কাজগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হয়। বিসিবির প্রতি কোনো ক্ষোভ নেই জানিয়ে আমজাদ হোসেন বলেন, ‘বিসিবিতে কাজ করা আমার জন্য সম্মানের ছিল। আমি চাই বোর্ড যেন ভালো কাজ অব্যাহত রাখে। আপনারা (সাংবাদিকরা) বোর্ডের সমালোচনা যেমন করবেন, তেমনি ভালো কাজগুলোও তুলে ধরবেন।’ এসকেডি/আইএন

Share this post: