সকালে ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যায় কেন?
2026-03-16 - 03:15
অনেকেই সকালে ঘুম থেকে উঠে অনুভব করেন যে মুখ একেবারে শুকিয়ে গেছে। গলা শুষ্ক লাগে, কথা বলতে অস্বস্তি হয়, এমন কি বারবার পানি পান করার ইচ্ছে করে। চিকিৎসকদের মতে, মাঝে মাঝে এমন হওয়া স্বাভাবিক হলেও যদি এটি নিয়মিত ঘটে, তাহলে এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, সকালে মুখ শুকিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো শরীরে পানির ঘাটতি। সারাদিন পর্যাপ্ত পানি পান না করলে শরীরে লালার পরিমাণ কমে যেতে পারে। ফলে রাতে ঘুমের সময় মুখে স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে না এবং সকালে ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে মুখ অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার সমস্যাকে জেরোস্টোমিয়া বলা হয়। এই অবস্থায় লালা গ্রন্থি পর্যাপ্ত লালা তৈরি করতে পারে না। লালা খাবারের কণা ধুয়ে ফেলতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন অ্যাসিডকে নিরপেক্ষ করে। তাই লালা কমে গেলে দাঁতের ক্ষয়, মাড়ির প্রদাহ এবং মুখের দুর্গন্ধের ঝুঁকিও বেড়ে যায়। মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস সকালে মুখ শুকিয়ে যাওয়ার একটি সাধারণ কারণ হলো মুখ খুলে ঘুমানো। অনেকেই ঘুমের সময় নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেন। এতে বাতাস সরাসরি মুখের ভেতর দিয়ে যাতায়াত করে এবং মুখের আর্দ্রতা দ্রুত কমে যায়। বিশেষ করে নাক বন্ধ থাকা, ঠান্ডা লাগা বা অ্যালার্জির সমস্যা থাকলে এই প্রবণতা আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এমন হলে গলা শুষ্ক হওয়া, দাঁতের সমস্যা এবং ঘুমের মান খারাপ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। ঘুমের সমস্যার সঙ্গেও সম্পর্ক থাকতে পারে চিকিৎসকদের মতে, যারা বেশি নাক ডাকেন বা ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়, তাদেরও সকালে মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামের একটি ঘুমের সমস্যার সঙ্গে সম্পর্কিত। এই অবস্থায় ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস বারবার বন্ধ হয়ে আবার শুরু হয়। ফলে অনেকেই ঘুমের মধ্যে মুখ দিয়ে শ্বাস নিতে থাকেন, যার কারণে সকালে মুখ শুকিয়ে যায়। ঘরের পরিবেশের প্রভাব ঘরের পরিবেশও অনেক সময় এই সমস্যার কারণ হতে পারে। যদি ঘরের বাতাস খুব শুকনো হয়, যেমন এয়ার কন্ডিশনার বা হিটার বেশি ব্যবহার করা হলে, তাহলে মুখ ও গলা দ্রুত শুকিয়ে যেতে পারে। শীতকালে অনেকের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও মুখ শুকিয়ে যেতে পারে। বিশেষ করে অ্যালার্জির ওষুধ, ডিপ্রেশনের ওষুধ বা উচ্চ রক্তচাপের কিছু ওষুধ লালার পরিমাণ কমিয়ে দিতে পারে। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর মুখ শুকনো লাগতে পারে। কিছু রোগও দায়ী হতে পারে কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের শুষ্ক মুখ শরীরের অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে। উদাহরণস্বরূপ, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে পানির ভারসাম্য পরিবর্তিত হওয়ার কারণে মুখ শুষ্ক হতে পারে। কী করবেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই সমস্যা এড়াতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। পাশাপাশি ঘুমানোর আগে অতিরিক্ত কফি বা চা পান না করাই ভালো। নাক বন্ধ বা অ্যালার্জির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। তবে যদি দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকে বা এর সঙ্গে অতিরিক্ত তৃষ্ণা, দুর্বলতা কিংবা ঘন ঘন প্রস্রাবের মতো লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ কখনও কখনও এটি ডায়াবেটিসসহ অন্য কোনো শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া আরও পড়ুন: ওজনের ওপর ইন্টারমিটেন্ট ফাস্টিং ও রোজার প্রভাব কি একইরকম ডায়াবেটিস রোগী কি ইফতারে খেজুর খেতে পারবেন এসএকেওয়াই