TheBangladeshTime

হবিগঞ্জে হাতকড়াসহ পালালেন আসামি

2026-03-15 - 02:23

হবিগঞ্জের লাখাইয়ে হাতকড়াসহ পালিয়েছেন এক আসামি। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মোড়াকরি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। পলাতক রুবেল চৌধুরী (৩০) শহীদপুর গ্রামের বাসিন্দা ছিনু চৌধুরীর ছেলে। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণপদ মিত্র জানান, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, সে একটি মারামারি মামলার আসামি। তাকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে বলে আশা করছি। পুলিশ জানায়, একটি মারামারি মামলার আসামি রুবেল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি প্রকাশ‍্যে আসতে থাকেন। খবর পেয়ে শনিবার বিকেলে মোড়াকরি বাজারে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় লাখাই থানা পুলিশ। অভিযানে তাকে গ্রেফতারও করা হয়। পরানো হয় হাতকড়া। কিন্তু সুচতুর রুবেল কৌশলে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, রুবেল এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। যে কারণে মারামারি মামলার আসামি হয়েও এলাকায় দীর্ঘদিন যাবত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

Share this post: