TheBangladeshTime

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ঝুঁকিতে ভারতের অর্থনীতি

2026-03-03 - 13:35

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ভারতের অর্থনীতি ও সেখানে বসবাসরত প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, তারা পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অঞ্চলে থাকা প্রায় ১ কোটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কোনো পরিস্থিতি থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। মন্ত্রণালয় আরও জানায়, ভারতের বাণিজ্য ও জ্বালানি সরবরাহ শৃঙ্খলের বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। বড় ধরনের বিঘ্ন ঘটলে ভারতীয় অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রায় ৫০ শতাংশ অপরিশোধিত তেল এবং ৫৪ শতাংশ এলএনজি আমদানি ২০২৫ সালে হরমুজ প্রণালি হয়ে এসেছে। এই গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটলে জ্বালানি ব্যয় বেড়ে যেতে পারে। আইসিআরএ রেটিং সংস্থার বিশ্লেষক প্রশান্ত বসিষ্ঠ বলেন, বিকল্প উৎস—যেমন যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা—থেকে তেল সংগ্রহ করা সম্ভব হলেও উচ্চমূল্যের কারণে আমদানি বিল বেড়ে যাবে। তবে ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ভারতের পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সূত্র: এএফপি এমএসএম

Share this post: