TheBangladeshTime

ব্যাংকের জন্য ভবন ভাড়ার সীমা নির্ধারণ করলো কেন্দ্রীয় ব্যাংক

2026-03-06 - 04:54

অঞ্চলভেদে ব্যাংকের শাখা, উপশাখা ও অন্য ব্যবসাকেন্দ্রগুলোর জন্য ভবন ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সীমার মধ্যে ভাড়া হলে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না। তবে নির্ধারিত সীমার বেশি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে। এছাড়া স্থাপনার মালিক যদি সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হন, সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ যা-ই হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক। এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রতি বর্গফুট স্থাপনার সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা। ঢাকার ‘ক’ শ্রেণির পৌরসভায় এ হার ২৮ টাকা এবং পল্লি এলাকায় ২৪ টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬১ টাকা। সেখানে ‘ক’ শ্রেণির পৌরসভায় ২৭ টাকা এবং পল্লি এলাকায় সর্বোচ্চ ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এভাবে দেশের আটটি বিভাগীয় অঞ্চলে সিটি করপোরেশন, ‘ক’ শ্রেণির পৌরসভা ও পল্লি—এই তিন শ্রেণিতে স্থাপনা ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভবনের অবস্থান, ফ্লোরের অবস্থান ও স্থাপনার মানের পার্থক্য বিবেচনায় নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে যৌক্তিকভাবে ভাড়া নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ব্যবসাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রবণতা বাড়ছে। এসব প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ভাড়া বা ইজারা অনুমোদনের বিষয়টি সহজ ও দ্রুত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইএআর/এমকেআর

Share this post: