TheBangladeshTime

পাম্পে মজুত ২৪ হাজার লিটার জ্বালানি তেল, দুই লাখ টাকা জরিমানা

2026-03-28 - 14:01

ময়মনসিংহের ফুলপুরে একটি পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে মজুত করে রাখা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্প (মিনি পাম্প) থেকে তেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় পাম্পের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে মজুত করা তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস

Share this post: