বিদ্যুৎ সাশ্রয়ে বিপণিবিতানের বাইরের আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত
2026-03-15 - 11:44
দেশের সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি বিদ্যুৎ বিভাগে হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। এছাড়া বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। বৈঠকে বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এনএস/এমআইএইচএস/