TheBangladeshTime

নতুন রেকর্ড করলো ভারত-পাকিস্তান ম্যাচ

2026-02-20 - 12:44

আইসিসির যেকোনো আসরে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন এক উত্তেজনা। তবে মাঠের খেলায় এখন একচেটিয়া আধিপত্য চলছে ভারতেরই। এরপরও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে কোনো না কোনো রেকর্ড হয়েই থাকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়েছে রেকর্ড। বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল অ্যান্ড ব্রডকাস্ট পার্টনার রিলায়েন্সের জিওস্টার জানিয়েছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের দিন এই প্ল্যাটফর্মে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মটিতে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৩০ লাখ দর্শক। যা কিনা আইসিসির টি-টোয়েন্টি সংস্করণের কোনো ইভেন্টে সর্বোচ্চ। যা কিনা ভেঙে দিয়েছে সবশেষ আসরের ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের দর্শক উপস্থিতির রেকর্ডও ভেঙেছে। ২০২৪ আসরে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট কাউন্টি স্টেডিয়ামে হওয়া ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবারের ম্যাচটি দেখেছেন ৫৬ শতাংশ বেশি দর্শক। লিগ পর্বের ম্যাচটি মোবাইলে দেখার ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে। কোনো আইসিসি ইভেন্টের লিগ ম্যাচ এত বেশি ভিউয়ার শিপ এবং ওয়াচ-টাইম পাওয়া যায়নি। সব মিলিয়ে এই ম্যাচটি ২০০০ কোটি মিনিট দেখা হয়েছে, যা আগের আসরের একই পর্যায়ের সূচির তুলনায় ৪২ শতাংশ বেশি। প্রথমদিকে ম্যাচটি না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়, কারণ তারা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আইসিসির কঠোর সমালোচনা করেছিল। তবে পরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনুরোধে পাকিস্তান বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে। অবশেষে কলম্বোতে খেলা হয় একতরফা ম্যাচ, যেখানে পাকিস্তান ৬১ রানে হেরে যায়। আইএন

Share this post: