TheBangladeshTime

৬০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই দিতে হবে: ইউজিসি

2026-03-25 - 15:20

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় প্রাথমিকভাবে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে। এতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা প্রদান ও ডিজিটাল বৈষম্য হ্রাসে ‘ফ্রি ওয়াইফাই’ চালুর যে অঙ্গীকার করা হয়েছে, তারই অংশ হিসেবে ইউজিসি এ উদ্যোগ নিয়েছে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেন’র সিইও মোহাম্মদ তৌরিত প্রমুখ। এএএইচ/এমকেআর

Share this post: