TheBangladeshTime

এবার জাতীয় সঙ্গীত গেয়ে স্যালুট দিলেন ইরানের নারী ফুটবলাররা

2026-03-06 - 10:14

ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে সমগ্র বিশ্বজুড়ে। বাদ নেই ক্রীড়াঙ্গনও। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান কাপের প্রথম ম্যাচে জাতীয় সংগীতের সময় নীরব ছিলেন ইরানের নারী ফুটবলাররা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তারা গাইলেন জাতীয় সংগীত। সঙ্গে দিলেন সামরিক স্যালুটও। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল্ড কোস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ইরান হেরেছে ৪-০ ব্যবধানে। গত সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে ইরান দলের খেলোয়াড়রা জাতীয় সংগীতের সময় নীরব ছিলেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে দেশে থাকা পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে রবিনা স্টেডিয়ামে প্রবল বৃষ্টির মধ্যেই খেলোয়াড়রা ‘মেহর-ই খাভারান’ জাতীয় সংগীত গেয়ে শোনান। এ সময় দর্শকদের একটি অংশ দুয়ো দেয় এবং কয়েকজন প্রবাসী ইরানি ১৯৭৯ সালের আগের পতাকা প্রদর্শন করেন। দেশটির নারী দলের কোচ মারজিয়েহ জাফরি জানান, ইন্টারনেট বিভ্রাটের কারণে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, পরিবার ও দেশের মানুষের জন্য তারা উদ্বিগ্ন হলেও পেশাদারভাবে খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। টানা দুই ম্যাচে হারায় ইরান এখন প্রায় বিদায়ের মুখে। রোববার ফিলিপাইনের বিপক্ষে বড় জয় পেলেই কেবল তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা টিকে থাকবে। আইএন

Share this post: