TheBangladeshTime

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

2026-03-23 - 13:21

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে দেশটির আধা-সরকারি মেহের নিউজ এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ শুরু হয়েছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো ও তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণের কৌশল। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে যোগ করেছে, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু ‘উদ্যোগ’ নেওয়া হয়েছে। তবে দেশগুলোর উচিত নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কথা বলা। কারণ যুক্তরাষ্ট্রই ‘এই যুদ্ধের সূচনাকারী’। ইরানের এই বিবৃতির আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুদিনে যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতা সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনা চলমান থাকবে। ট্রাম্প আরও লেখেন, এর ভিত্তিতে আমি প্রতিরক্ষা বিভাগকে চলমান বৈঠকের অগ্রগতির ওপর নির্ভর করে পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছি। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই স্থগিতাদেশ সাময়িক ও পুরোপুরি নির্ভর করছে আলোচনার অগ্রগতির ওপর। সূত্র: আল-জাজিরা এসএএইচ

Share this post: