TheBangladeshTime

‘এমন স্বস্তির ঈদযাত্রা আগে কখনও দেখিনি’

2026-03-18 - 06:21

সকাল ১০টা। রাজধানীর কাজীপাড়া থেকে সিএনজিতে সপরিবারে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে যান তৌহিদুল ইসলাম, গন্তব্য ময়মনসিংহ। সিএনজি থেকে নেমে ইউনাইটেড পরিবহনের লাইনে দাঁড়ান তিনি। ১০ মিনিটের মধ্যে কাউন্টার থেকে টিকিট কাটেন। এরপর সোজা শীততাপ নিয়ন্ত্রিত বাসে উঠে নির্দিষ্ট আসনে বসেন। পরে যথাসময়ে বাস গন্তব্যের দিকে রওয়ানা হয়। বাস ছাড়ার আগে তৌহিদুল ইসলাম বলেন, ‘এমন স্বস্তির ঈদযাত্রা আগে কখনও দেখিনি। আগে বাস টার্মিনালে মানুষের জন্য পা ফেলা যেত না। বাসের টিকিটের জন্য যুদ্ধ করা লাগতো। এবার এমন কোনো চিত্র নেই। টার্মিনাল ফাঁকা। যাত্রীরা আসছেন, যে যার মতো টিকিট কেটে বাসে উঠছেন। এমন দৃশ্য ঈদযাত্রার আনন্দ বাড়িয়ে দেয়।’ আজিমপুরের একটি দোকানের কর্মচারী ফারহান। সকাল সাড়ে ১০টায় তিনি মহাখালী বাস টার্মিনালে যান। তার গন্তব্যও ময়মনসিংহ। তিনি ননএসি বিলাশ পরিবহনে টিকিট কাটেন। বাসে উঠার আগে জাগো নিউজকে বলেন, ‘ঢাকায় ৮ বছর ধরে চাকরি করি। কিন্তু ঈদযাত্রা এত সুন্দর হয়, তা আগে দেখিনি। টার্মিনালের টিকিটের জন্য কোনো হাহাকার নেই। তিনি বলেন, ২০১৯ সালে এক ঈদে বাড়ি যাওয়ার সময় টিকিট পাইনি। পড়ে মহাখালী থেকে লোকাল বাসে গাজীপুর এবং সেখান থেকে পিকআপে করে ময়মনসিংহ গেছি।’ মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিক-শ্রমিকরা জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারে ঈদে টানা সাতদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। একইভাবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে ছুটি। আর লম্বা ছুটি হওয়ায় এবার ঈদযাত্রা তুলনামূলক স্বস্তির। রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে মূলত ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, রাজশাহী ও রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, নাটোর, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় দুই হাজার বাস যাত্রী পরিবহন করে। সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালে তেমন কোনো যাত্রী চাপ নেই। ঢাকার বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা টার্মিনালে আসছেন। নিজ নিজ গন্তব্যের কাউন্টারে বা বাসের সামনে দাঁড়াচ্ছেন। টিকিট কেটে বাসে উঠছেন। নির্দিষ্ট সময় পর পর বাসগুলো গন্তব্য ছেড়ে যাচ্ছে। যাত্রীদের জন্য বাস চালক-শ্রমিকদেরও হাঁক-ডাক করতে দেখা যায়নি। যাত্রীদের কাজ থেকে অতিরিক্ত ভাড়াও নিতেও কোনো পরিবহনকে দেখা যায়নি। মহাখালী থেকে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে ইউনাইটেড পরিবহন। এ পরিবহনের ব্যবস্থাপক মো. আসিফ জানান, বুধবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ময়মনসিংহগামী ৪৯টি বাস যাত্রী নিয়ে ছেড়ে গেছে। তবে অন্যান্য বছর যাত্রীর যে চাপ ছিল, এবার তা আশানুরূপ নয়। অথচ আর দুই দিন পরই ঈদ। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনের আগে বৃহস্পতিবারও এর চেয়ে বেশি যাত্রী চাপ থাকে। তিনি বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোরে ময়মনসিংহে কিছুটা যানজট থাকলেও, এখন তা স্বাভাবিক। নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছেন যাত্রীরা। এমএমএ/এসএনআর

Share this post: