রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়ে সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ
2026-03-03 - 14:04
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২৫০০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। পোশাকশিল্পের বর্তমান সংকটকালে এ সিদ্ধান্তকে জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের শীর্ষ পর্যায়সহ অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যখন শিল্প মালিকদের ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধের প্রবল চাপ সৃষ্টি হয়েছে, ঠিক সেই মুহূর্তে এ অর্থ বরাদ্দ শিল্প মালিকদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়ের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দফায় দফায় ফলপ্রসূ আলোচনা ও বৈঠক করেছে বিজিএমইএ’র বর্তমান বোর্ড। এরই ধারাবাহিকতায় অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ২৫০০ কোটি টাকার এ তহবিল অনুমোদিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১০০০ কোটি টাকা মোট ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিজিএমইএ তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এমএএইচ/