TheBangladeshTime

শহীদ মিনারে রাকিব হত্যায় গ্রেফতার ৪, রহস্য উদঘাটনের দাবি পুলিশের

2026-03-18 - 00:01

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিব হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, চারজনের গ্রেফতারের মধ্য দিয়ে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। এ বিষয়ে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনার এলাকায় রাকিব হাসানের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্তরা। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে ঘটনাস্থল থেকে শিহাব উদ্দিন নামের এক তরুণকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত রাকিব হাসানের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাকিবের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ডান পাশে বগলের নিচে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি এবং তার নিচে প্রায় সাত ইঞ্চি গভীর ক্ষত পাওয়া গেছে। এছাড়া পেটের ডান পাশে প্রায় পাঁচ ইঞ্চি এবং বাম পাশে আড়াই ইঞ্চি কোপের দাগসহ শরীরের অন্তত পাঁচটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি পেটের বাম পাশে ও পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। টিটি/এমএমকে

Share this post: