TheBangladeshTime

হোলি উৎসবে মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ৩

2026-03-12 - 06:14

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবে মদপান করে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও মদপানে অসুস্থ হয়েছেন আরও তিন যুবক। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গুরুতর অসুস্থরা হলেন- ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নাইমসহ ওই গ্রামের আরও তিন হিন্দু যুবক স্পিরিটের বোতলে করে মদপান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম বিকেল ৫টার দিকে মারা যায়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মদপানে অসুস্থ অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি হওয়ার পর নাইম নামে একজন মারা গেছেন। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরমান হোসেন রুমন/এনএইচআর/এমএস

Share this post: