ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না: রফিকুল ইসলাম
2026-03-22 - 10:51
ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার (২২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, ‘মানুষ প্রত্যাশা করছিল এবার দাঁড়িপাল্লার জোয়ার কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তা হয়নি। কিছু অপশক্তি একত্রিত হয়ে প্রতিবেশীদের সহায়তা নিয়ে দাঁড়িপাল্লাকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এই কথা স্বীকার করেছেন।’ তিনি আরও বলেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে বলতেন ‘আমরা সংবিধানের বাইরে এক চুলও নড়বো না’। ঠিক তাদের মতোই বর্তমানে সংবিধানের দোহাই দিয়ে চব্বিশের জুলাইকে অবজ্ঞা করছেন সরকার দলীয় একনেতা। জুলাইকে পাশ কাটিয়ে তারা অতীতকে ভুলে যাচ্ছেন। কিন্তু এদেশের জনগণ সেটা মানবে না।” জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলম। এসময় জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, ইসলামি ছাত্রশিবির শহর শাখার সভাপতি হাবিবুর রহমান, জেলা সভাপতি আব্দুল আজিজসহ জেলার ৯টি উপজেলা জামায়াতের আমিররা উপস্থিত ছিলেন। এম এ মালেক/এসআর/এএসএম