ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
2026-03-26 - 09:40
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশপাশে মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনী হামলা চালানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। এই হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ বলে উল্লেখ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এমন ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কার্যরত ইউনিট-১-এর একেবারে কাছাকাছি নতুন করে হামলা চালানো হয়েছে, যা বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা থেকে মনে হচ্ছে আক্রমণকারীরা নিজেদের অপরাধ ঢেকে রাখতে ইচ্ছাকৃতভাবে একটি বড় পারমাণবিক বিপর্যয় ঘটাতে চাইছে। মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রাশিয়া সতর্ক করে বলেছে, এই কেন্দ্রটিতে সরাসরি আঘাত হানলে ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় ঘটবে, যার প্রভাব দীর্ঘমেয়াদি ও অপরিবর্তনীয় হতে পারে। এছাড়া, হামলার ফলে ইতোমধ্যেই ইরানের সাধারণ মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ যে, শুধু অলৌকিকভাবেই এখনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং হামলা ক্রমশ কেন্দ্রটির আরও কাছাকাছি হচ্ছে। রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাশিয়ার মতে, বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞসহ সকল কর্মীর জীবন এখন হুমকির মুখে। এ পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে মস্কো। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া এবং ইরানের পারমাণবিক অবকাঠামোতে আঘাত বন্ধ করার দাবি জানিয়েছে। আইএইএ ও জাতিসংঘের হস্তক্ষেপ চায় মস্কো রাশিয়া বলেছে, বুশেহর কেন্দ্রটি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সুরক্ষা চুক্তির আওতায় রয়েছে। তাই এ ধরনের হামলা বন্ধে সংস্থাটি ও জাতিসংঘের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনো কোনো নিশ্চয়তা দেয়নি যে এই পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে না। সূত্র: আনাদোলু এজেন্সি কেএম