কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের পাঠদান-অ্যাকাডেমিক স্বীকৃতি স্থগিত
2026-03-06 - 11:04
এইচএসসির ফলাফল বিপর্যয়ের কারণে ১৩টি কলেজের পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি স্থগিত করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি কলেজ, লক্ষীপুরের চারটি, চাঁদপুরের দুইটি ও কুমিল্লার চারটি কলেজ রয়েছে। কুমিল্লার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (৬ মার্চ) বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি স্থগিত হওয়া কলেজগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও চানপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ। লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, রামগতি উপজেলার সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ও লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ। চাঁদপুর মতলব উত্তর উপজেলার জিবগাও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ ও শরিফুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম মডেল কলেজ, লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ও দাউদকান্দি উপজেলার অজরা এস ই এস ডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ। অধ্যাপক রুনা নাছরিন সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাদের ফলাফল সন্তোষজনক নয়। এর পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারি কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. সামছুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠান পরিচালনার শর্ত পূরণ করতে পারেনি ও যাদের ফলাফল বিপর্যয় হয়েছে, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে শর্ত পূরণ করলে তারা আবারও অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরতে পারবে। জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম