সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
2026-03-03 - 03:34
সাতক্ষীরার কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছ বহনকারী একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা মাছ নিধনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা এলাকায় ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানতে পারেন, যশোর দিক থেকে একটি ট্রাকে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ সাতক্ষীরার দিকে আনা হচ্ছে। পরে তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়কে অবস্থান নিয়ে ট্রাকটি আটক করেন। আটক ব্যবসায়ী আনারুল ইসলাম কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের বাসিন্দা। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার আটক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ মাছ নিধনের নির্দেশ দেন। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ প্রজাতির মাছ পরিবহন ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম