TheBangladeshTime

তিনদিনের সফরে শুক্রবার কক্সবাজার যাচ্ছেন সিইসি

2026-02-19 - 11:13

আগামী ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনদিনের সফরে কক্সবাজার জেলা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সফর সূচি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসি সচিবালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন সিইসি। সেখান থেকে বিকেল পৌনে ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ( বিজি ৪৩৭) একটি ফ্লাইটে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি তার বাবা-মার কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় মগনামা ঘাট হয়ে কক্সবাজার সার্কিট হাউজে ফিরবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন, ২২ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার (২এ ৪৪৪) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছাবেন। সিইসির এ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। এমওএস/এমএএইচ

Share this post: