‘হোয়াইটওয়াশ করতে পারি, তবে বাংলাদেশকে সম্মান করি’
2026-03-09 - 12:54
পাকিস্তান সর্বশেষ বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৫ সালে। ওই সিরিজে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে জিতেছিল। এবার কন্ডিশন অনুযায়ী বাংলাদেশকে সম্মান করলেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা ফিরিয়ে দিতে চান পাকিস্তান হেড কোচ মাইক হেসন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজ শুরুর আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেন হেসন। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা অবশ্যই পারি (৩-০ ব্যবধানে জিততে)। কিন্তু আমরা বাংলাদেশের কন্ডিশনে তাদের বিশেষ সম্মান করি।’ গত বছর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মাটিতে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। ওই সিরিজের উইকেটের কথা টেনে হেসন আরও বলেন, ‘এখানকার কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় অনেক ভিন্ন হবে, যেখানে বাউন্স খুব একটা ধারাবাহিক ছিল না এবং সারফেসটাও ছিল গড়পড়তা। এখন পিচ দেখে মনে হচ্ছে আগের চেয়ে অনেক ভালো। আমার মনে হয় দুই দলই ব্যাটিংয়ের মতো বোলিংয়েও চ্যালেঞ্জের মুখে পড়বে।’ তবে এবার উইকেটে ভিন্নতা চোখে পড়েছে হেসনের, ‘উইকেট এবং ঘাস আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। দুর্ভাগ্যবশত এখানকার পিচ বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো ছিল না। তবে আমরা বিপিএলেও দেখেছি যে এখানকার পিচগুলো অনেক ভালো ছিল। মনে হচ্ছে অনেক বেশি ঘাস আছে এবং ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আর আমার মনে হয় দুই দলই এতে উপকৃত হবে। দুই দলই ভালো ক্রিকেট উইকেটে খেলতে চায় এবং চ্যালেঞ্জ নিতে চায়। এই মুহূর্তে তেমনটাই মনে হচ্ছে।’ এবারের সফরে পাকিস্তান স্কোয়াডে ৬ জন ক্রিকেটার আছেন যাদের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। দলে এত পরিবর্তন নিয়ে পাকিস্তানের হেড কোচ বলেন, ‘এটি একটি রোমাঞ্চকর দল। আমাদের এখানে কিছু নতুন মুখ আছে যারা ‘শাহীনস’-এ (পাকিস্তান শাহিনস) ভালো করেছে এবং পরবর্তী স্তরে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। একটি দল হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমার মনে হয়, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো এখানকার পিচের সাথে দ্রুত মানিয়ে নেওয়া। আমাদের সামনে যাই আসুক না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের কন্ডিশনে তাদের চ্যালেঞ্জ করার মতো একটি দল আমাদের আছে। আমাদের শেষ দুটি ওয়ানডে সিরিজ অসাধারণ ছিল, আমরা দুটিই খুব দাপটের সাথে জিতেছি এবং দারুণ ক্রিকেট খেলেছি। টপ অর্ডারে রান পেয়েছি যা সবসময়ই সাহায্য করে। এই সিরিজে কিছু নতুন খেলোয়াড়ের জন্য একই কাজ করার বড় চ্যালেঞ্জ থাকবে।’ এসকেডি/আইএন