TheBangladeshTime

মোশাররফ-চঞ্চলসহ তারকাদের ফার্স্টলুকে রঙিন ‘বনলতা এক্সপ্রেস’

2026-03-05 - 13:34

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির আগেই ছবিটি দর্শকমহলে কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্টলুক সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিসিয়াল পোস্টারের পর এবার প্রকাশ করা হয়েছে ফার্স্টলুক। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এটি উন্মুক্ত করা হয়। ফার্স্টলুকে দেখা যায় এক নস্টালজিক রেলস্টেশনের আবহ। ট্রেনযাত্রার ভেতর দিয়ে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন চরিত্রকে। এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেক তারকা এবং নতুন মুখ। ফার্স্টলুকে সাবিলা নূরকে দেখা গেছে একেবারে সাধারণ বাঙালি নারীর চরিত্রে। চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন একজন মন্ত্রীর ভূমিকায়, আর তার স্ত্রীর চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন। শরীফুল রাজকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। অন্যদিকে মোশাররফ করিমের চরিত্রটিকে রাখা হয়েছে কিছুটা ভিন্ন মাত্রায়। প্রথম ঝলকে ব্যবহার করা হয়েছে মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় সিরিজ ‘মহানগর’-এর বহুল আলোচিত সংলাপ ‘দুটি কথা মনে রাখবে’, যা নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের জন্য বাড়তি চমক তৈরি করেছে। ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি আগামী ৩ এপ্রিল থেকে আন্তর্জাতিকভাবেও সিনেমাটি প্রদর্শিত হবে। এমআই/এলআইএ

Share this post: