TheBangladeshTime

মসজিদ থেকে ফেরার পথে শিবির কর্মী ইমামকে রড দিয়ে পেটানোর অভিযোগ

2026-02-16 - 08:16

কুষ্টিয়ার কুমারখালীতে মসজিদ থেকে নামাজ শেষে ফেরার সময় ছাত্রশিবিরের এক কর্মীকে রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। আসলাম উদ্দিন (২১) নামে ওই শিবির কর্মী মসজিদের ইমামের দায়িত্বের রয়েছেন বলে জানা গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসলাম উদ্দিন যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে ও জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম। এছাড়াও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রশিবির কর্মী হিসেবে ৬টি ভোটকেন্দ্রের দাঁয়িত্বে ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহত আসলাম উদ্দিন বলেন, এশার নামাজ শেষে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে লালনবাজার সংলগ্ন বাবুর কাঠ পরিমাপ যন্ত্র এলাকায় দুইটি মোটরসাইকেলে চার থেকে পাঁচজন লোক এসে পথ অবরোধ করে। তারা রড ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিট করে দ্রুত চলে যায়। হামলাকারীদের কারো মুখ বাঁধা ও কারো মুখে মাস্ক পড়া ছিল। তিনি ছাত্রশিবিরের কর্মী দাবি করে বলেন, সংসদ নির্বাচন ছাত্রশিবিরের কর্মী হিসেবে যদুবয়রার ৬টি কেন্দ্রের দায়িত্ব ছিলাম। প্রতিপক্ষের লোকজন ভোটে হেরে গিয়ে হামলা চালাতে পারেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুঠোফোনে বলেন, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ইমাম সাহেবের ওপর হামলা চালিয়েছে। তার পিঠে, হাতে, পায়ের মাংসপেশি ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এক মসজিদের ইমামের ওপর হামলার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আল-মামুন সাগর/এমএন/এমএস

Share this post: