এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা
2026-03-25 - 15:10
চলতি ২০২৬ সাল থেকেই দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে অভিন্ন প্রশ্নপত্রে (একই প্রশ্নপত্র)। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত মতিবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কক্ষে বাধ্যতামূলকভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করার বিষয়েও আলোচনা করা হয়। আরও পড়ুন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার পরীক্ষায় নকল ও অনিয়ম চিরতরে নির্মূল করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রতার বিষয়টি খতিয়ে দেখতে নথিপত্র তলব করেন। ভবিষ্যতে পরীক্ষার সময়ে যে কোনো অনিয়ম দূর করতে সরকার বদ্ধপরিকর বলেও সভায় জানিয়েছেন। এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল, আগামীতেও আমরা সে ধারা বজায় রাখবো। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্রসচিব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এএএইচ/এমকেআর