TheBangladeshTime

আবদুল্লাহর নিয়োগ বাতিল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির

2026-03-10 - 13:34

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন এমডি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাছির জামাল। মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আবদুল্লাহর নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। বাছির জামালকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪’ অনুযায়ী মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আরএমএম/এমএএইচ/

Share this post: