মাশরুম কেন খাবেন
2026-03-17 - 12:02
সানজানা রহমান যুথী একসময় ব্যাঙের ছাতা নামে পরিচিত মাশরুম অনেকের কাছেই অচেনা খাবার ছিল। তবে এখন এটি স্ট্রিট ফুড থেকে শুরু করে ঘরোয়া রান্না - সব জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠেছে। ফাস্টফুড, স্যুপ কিংবা বিভিন্ন সবজি রান্নায় মাশরুমের ব্যবহার দিন দিন বাড়ছে। তবুও এখনও অনেকেই মাশরুম খেতে দ্বিধা করেন। অথচ মাশরুম শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে নানা গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ। চলুন জেনে নেওয়া যাক মাশরুম খাওয়ার কয়েকটি উপকারিতা। ১. ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন প্রায় ১৮ গ্রাম মাশরুম (প্রায় এক-অষ্টমাংশ কাপ বা দুটি মাঝারি আকারের মাশরুম) খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। মাশরুমে রয়েছে ‘এরগোথিওনাইন’ নামের একটি অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের ক্ষয় ধীর করতে সাহায্য করে। শিটাকে, অয়স্টার, মেইটাকে ও কিং অয়স্টার প্রজাতির মাশরুমে এই উপাদান বেশি পাওয়া যায়। তবে নিয়মিত যেকোনো ধরনের মাশরুম খাওয়াও উপকারী হতে পারে। ২. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সোডিয়াম ও উচ্চ রক্তচাপের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শরীরে অতিরিক্ত সোডিয়াম জমলে পানি ধরে রাখার প্রবণতা বাড়ে, যা রক্তচাপ বাড়াতে পারে। মাশরুমে প্রাকৃতিকভাবে সোডিয়ামের পরিমাণ খুব কম। এক কাপ হোয়াইট বাটন মাশরুমে মাত্র প্রায় ৫ মিলিগ্রাম সোডিয়াম থাকে। মাশরুম খাবারে স্বাদও বাড়ায়, ফলে অতিরিক্ত লবণ ব্যবহার করার প্রয়োজন কমে। ৩. কোলেস্টেরল কমাতে সহায়ক অতিরিক্ত লাল মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সে ক্ষেত্রে মাশরুম হতে পারে ভালো একটি বিকল্প। এতে ক্যালরি, চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ কম। বিশেষ করে শিটাকে মাশরুম কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। মাশরুমে এমন কিছু যৌগ রয়েছে, যা কোলেস্টেরল তৈরি হওয়া কমায়, শরীরে কোলেস্টেরল শোষণ হ্রাস করে এবং রক্তে মোট কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ৪. মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক মাশরুমে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-বি। এসব পুষ্টি উপাদান মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। ফলে স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাশক্তি ভালো থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, কেউ যদি সপ্তাহে প্রায় দুই কাপ মাশরুম খান, তাহলে কগনিটিভ ইমপেয়ারমেন্টের ঝুঁকি প্রায় অর্ধেক পর্যন্ত কমতে পারে। ৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাশরুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে। এতে থাকা সেলেনিয়াম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের কোষকে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করে। এছাড়া মাশরুমে ভিটামিন বি৬ রয়েছে, যা লাল রক্তকণিকা তৈরিতে সহায়তা করে। লাল রক্তকণিকা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়, ফলে শরীর সতেজ ও সক্রিয় থাকে। সূত্র: ইউসিএলএ হেলথ, সিডার্স-সিনাই হেলথ লাইব্রেরি এএমপি/এএসএম