ইরানের স্কুলে হামলার দায় সম্ভবত যুক্তরাষ্ট্রের: প্রাথমিক তদন্ত রিপোর্ট
2026-03-06 - 08:33
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার শুরুতেই মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে রক্তক্ষয়ী বিমান হামলার পেছনে সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী ছিল। রয়টার্সের বরাতে জানা গেছে, মার্কিন সামরিক তদন্তকারীরা এই হামলার পেছনে নিজেদের বাহিনীর সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। রয়টার্স তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, তদন্তকারীরা এই হামলার জন্য মার্কিন বাহিনীকেই দায়ী মনে করছেন। তবে এই তদন্ত প্রক্রিয়া কতদিন চলবে বা চূড়ান্ত প্রতিবেদনের জন্য আরও কী কী তথ্য সংগ্রহ করা হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ইরান অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্যবস্তু এবং ভৌগোলিক এলাকা ভাগ করে নিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েল পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায়, আর দক্ষিণ ইরানে (যেখানে মিনাব শহর অবস্থিত) নৌ-ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দায়িত্ব ছিল মার্কিন বাহিনীর। গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে এই হামলা চালানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় ১৬৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। এছাড়া নিহতদের মধ্যে অভিভাবক ও শিক্ষকরাও রয়েছেন। হামলায় আরও ৯৫ জন গুরুতর আহত হয়েছেন। কেএম