TheBangladeshTime

বাসায় ফিরেছেন ফজলুর রহমান বাবু

2026-03-03 - 15:04

দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন চলচ্চিত্র ও নাটকের গুণী অভিনেতা এবং সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, গত মাসের ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন বাবু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গুলশানের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষার পর তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে গত ১৯ তারিখ সফলভাবে তার হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে বাসায় ফিরলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা। আগের চেয়ে ভালো আছেন বলেও জানিয়েছেন অপু। পাশাপাশি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র, নাটক ও গানে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন ফজলুর রহমান বাবু। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হয় তার। অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মতো প্রশংসিত চলচ্চিত্র। বর্তমানে ওটিটিতেও নিয়মিত কাজ করছেন তিনি। অসুস্থ হওয়ার আগে ঈদের নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বাবু। আসন্ন ঈদে তার একাধিক নাটক ও টেলিছবি প্রচারিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ওসিডি’, যা নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। কলকাতায় তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সিতারা’, যা আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে নির্মিত। এছাড়া ‘কালান্তর’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দেশে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এমএমএফ

Share this post: