TheBangladeshTime

যশোরে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

2026-03-08 - 13:44

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান। এ সময় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার অপরাধে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে একই বাজারের রুহুল আমিন নামে অপর ব্যবসায়ীকে ওজন ও পরিমাণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। এদিকে বিকেলে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ এ জ্বালানি তেল জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে পুলিশ। তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানকে ঘটনাস্থলে পাঠান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিজাম উদ্দিন নামে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেন। এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, জব্দ তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে। মিলন রহমান/আরএইচ/এমএস

Share this post: