বাবা হারালেন কুমার সাঙ্গাকারা
2026-03-03 - 13:04
না ফেরার দেশে চলে গেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। পেশায় তিনি ছিলেন আইনজীবী। আজ মঙ্গলবার বিকালে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পরিবার। আগামীকাল ৪ মার্চ শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ক্ষেমা সাঙ্গাকারা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন ক্যান্ডিতে। বিশেষ করে আইন অঙ্গনে তার বেশ সুনাম ছিল। তার হাত ধরেই ক্রিকেট দুনিয়া অন্যতম সেরা ব্যাটারের সন্ধান পেয়েছিল। তিনিই ছিলেন সাঙ্গাকারার জীবনের প্রথম কোচ। তাই ক্রিকেট মহলেও তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র। পেশাদার ক্রিকেটার না হয়েও বিরাট ভূমিকা রেখেছিলেন ছেলের ক্রিকেট ক্যারিয়ারে। ক্যান্ডিতে প্রতিদিন কয়েকঘন্টা তিনি সাঙ্গাকারা ও তার ভাইবোনদের অনুশীলন করাতেন। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমের মানসিকতা ও কারিগরি দক্ষতার ওপর জোর দেন তিনি। এমনকি এক পর্যায়ে ছেলেকে টেনিস থেকে সরিয়ে এনে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেন। সাঙ্গাকারা বিশ্বমানের ক্রিকেটার হওয়ার পরও তিনি প্রকাশ্যে বলেছিলেন, তার ছেলে এখনো নিজের পূর্ণ সামর্থ্যে পৌঁছাতে পারেনি। বিদায়ী ভাষণে সাঙ্গাকারা বাবার অনুপ্রেরণার কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। ক্ষেমা সাঙ্গাকারার মৃত্যুতে পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আইনজীবী এস. কে. সাঙ্গাকারা আর আমাদের মাঝে নেই। তিনি কুমারীর স্নেহধন্য স্বামী, থুশারী, ভেমিন্দ্র, সারঙ্গা ও কুমারের প্রিয় পিতা। সঞ্জয়, নিপুনি, রু ও ইয়েহালির শ্বশুর এবং থেহান, মেথভান, নেথ্যা, বিনয়া, কায়া, সেথ, কাবিথ ও সুইরির আদরের দাদা ছিলেন তিনি। ক্যান্ডিতে তার নিজ বাসভবনে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে। পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হচ্ছে।’ বিবৃতিতে আরও জানানো হয়, ‘আগামী ৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ৬টায় ক্যান্ডির মহাইয়াওয়া সিমেট্রিতে শেষকৃত্য সম্পন্ন হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে বাসভবন থেকে শবযাত্রা রওনা হবে। পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবেন।’ আইএন