TheBangladeshTime

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

2026-02-19 - 09:23

রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন চাপিয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। খবর বিবিসির। ইউন সুক ইওলের প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ৩০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। ওই সময় বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ংকে আটক করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগেও ইউনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়া সাবেক গোয়েন্দা প্রধান রোহ সাং-উনকে ১৮ বছরের কারাদণ্ড, সাবেক পুলিশ প্রধান চো জি-হোকে ১২ বছরের কারাদণ্ড এবং সিউল মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান কিম বং-সিককে ১০ বছরের এবং ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ গার্ডের সাবেক প্রধান মোক হিউন-তায়েকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলেছে, আসামিরা এক সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুর রায়ের পরই এই রায় এলো, যাকে গত মাসে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টিটিএন

Share this post: