চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে মারধর, সিগারেটের ছ্যাঁকা
2026-03-27 - 13:31
লক্ষ্মীপুরে ৮ শত টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের চ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার তেমুহনী মার্কাস মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রাতেই উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চুরির অভিযোগে শিশুদের মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমরা কাজ করছি। আহতদের একজন দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং অন্যজন স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তাদের বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদী ও চর উভূতি গ্রামে। তারা ৯ এবং ১২ বছর বয়সি। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মার্কাস মসজিদ এলাকায় মনির হোসেনের মুদি দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ শত টাকা চুরি হয়। এতে মনির ও তার সহযোগীরা দুই শিশুকে আটক করে। চোর ধরা হয়েছে প্রচার করে তারা শিশুদের হাত বেঁধে মারধর করে। এক পর্যায়ে একজনের মুখে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। তাদের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। আহত এক শিশুর মা দাবি করেছেন, মুদি দোকানি মনিরসহ কয়েকজন দুই শিশুকে ধরে হাত বেঁধে মারধর করেছ ৷ এক পর্যায়ে এক শিশুর মুখে নির্দয়ভাবে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। পরে খবর দেওয়া হলে তারা আসেন। তাদের শাসিয়ে অলিখিত কাগজে সই নিয়ে শিশুদের ছেড়ে দেওয়া হয়। আমরা এ ঘটনার বিচার চাই। ঘটনার পর অভিযুক্ত দোকানি মনির হোসেন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, চুরি করার কারণে আমি শুধু তাদের থাপ্পড় দিয়েছি। আমি মারধর বা সিগারেটের ছ্যাঁকা দেইনি। সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম রনি বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে একজনের মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। কাজল কায়েস/কেএইচকে/এএসএম