TheBangladeshTime

চুয়াডাঙ্গায় পোশাকের দামের গরমিল, দুই দোকান মালিককে জরিমানা

2026-03-05 - 04:14

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাকের অতিরিক্ত মূল্য আদায় ও ক্রয় ভাউচারে গরমিলের অভিযোগে চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের দুটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে নিউ মার্কেটে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান। অভিযানে ন্যায্য দামের তুলনায় বেশি মূল্য নেওয়া এবং ক্রয়মূল্যের ভাউচারে অসংগতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে জাহিদ বস্ত্রালয় ও হৃদয় গারমেন্টসকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। অভিযান শেষে বি. এম. তারিক-উজ-জামান বলেন, রমজান ও ঈদকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী অতিলাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে দেন। এমন অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে এবং বড় ধরনের অপরাধ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক সহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ ও ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিলাল হোসেন উপস্থিত ছিলেন। হুসাইন মালিক/এনএইচআর/এমএস

Share this post: