TheBangladeshTime

ধনী-গরিবের ব্যবধান কমিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই: ইশরাক

2026-03-05 - 11:34

ধনী-গরিবের বৈষম্য কমিয়ে দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে কেউ চিকিৎসার অভাবে কষ্ট পাবে না এবং বাসস্থানের অভাবে রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত ‘২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকদের পরিবার এবং আহতদের আর্থিক সহযোগিতা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আশফাকুল ইসলাম। ইশরাক হোসেন বলেন, শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাদের ঈদের শুভেচ্ছা জানাতে তিনি তারেক রহমানের নির্দেশনায় এই অনুষ্ঠানে এসেছেন। তিনি বলেন, জুলাই সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে শহীদ ও আহতদের গেজেটভুক্ত করা, ভাতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম তার দপ্তরের মাধ্যমেই সম্পন্ন হয়। এখনো কেউ আহত বা নিহত হিসেবে তালিকাভুক্ত না হলে যাচাই-বাছাই করে তাদের তালিকাভুক্ত করা হবে। এ সময় গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি সবাইকে শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এমডিএএ/এমএমকে

Share this post: