জুলাই সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন
2026-03-15 - 15:04
ইসলাম ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ‘আমরা ধরে নিতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এটা বিক্ষিপ্ত বক্তব্য। এ বক্তব্যের সঙ্গে সরকারি এবং বিরোধীদল সবাই দ্বিমত পোষণ করবে বলে বিশ্বাস করি। ছাত্র-জনতার চাওয়াগুলো বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করি। যদি কেউ বাস্তবায়ন করতে গড়িমসি করে ছাত্র-জনতা আদায় করে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সংসদে বিরোধী দল কাউন্টার দিয়েছে এজন্য বিরোধী দলকে স্বাগত জানাই। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেছেন। এদিন সরকারি তোলারাম কলেজের মাঠে মাদুর পেতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সিবগাতুল্লাহ সিবগা বলেন, আমরা জুলাই সনদ চেয়েছিলাম। জুলাই বিপ্লবের পরে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ একসঙ্গে বসে সংস্কারগুলো নিশ্চিত করেছিল। জুলাই বিপ্লবের ম্যান্ডেন্ট জুলাই সনদ। সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। সেটার আলোকে গণভোট হয়েছে এবং গণভোটে সাধারণ মানুষ হ্যাঁ এর পক্ষে মতামত দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী হ্যাঁ এর পক্ষে মতামত দিয়েছিলেন। হ্যাঁ এর পক্ষে উনি ভোট চেয়েছেন। কিন্তু তারপরও বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। তিনি আরও বলেন, আমরা সবসময় রমজানে ইফতার মাহফিল করে থাকি। সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার আমাদের ঐহিত্য। যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে হয়ে থাকে। জুলাই বিপ্লবের আগে রমজান মাসেও সংকট ছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনো ক্যাম্পাসে ইফতার করা যাবে না। কিন্তু ছাত্র-জনতা বসে থাকেনি। তারা প্রত্যেকটা জায়গায় ইফতারির আয়োজন করে ফ্যাসিবাদী সরকারকে বিপ্লবের বার্তা দিয়েছিল। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান, সেক্রেটারি আমজাদ হোসাইন, সরকারি তোলারাম কলেজ সভাপতি জহিরুল ইসলাম ও সেক্রেটারি তরিকুল ইসলাম জুহাজ সহ বিভিন্ন ছাত্রদলের নেতাকর্মীরা। মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস